নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা রানী কুন্ডুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের শ্যালক গোবিন্দ কুন্ডু বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রবিবার বিকেলে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক কালুসহ ৫ জনকে আটক করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নির আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুক্তিযোদ্ধা ননী গোপাল ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন জেলা প্রশাসক মশিউর রহমান ও নাটোর জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন, ইউএনও সালমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুসহ সিআইডির একটি টিম।
