চতুর্থ বারের মত পেছালো ভারতের সুপ্রিম কোর্টে ফেলানি হত্যা মামলার শুনানির তারিখ। মামলার প্রধান কৌঁসুলি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট অর্পনা ভাটের বরাত দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক মামলার দ্বিতীয় বাদী অ্যাডভোকেট সালমা আলী জানান, কোর্টের নির্দেশে আজ ১৪ জুলাই মঙ্গলবারের পরিবর্তে ২১ জুলাই প্রধান বিচারপতির কোর্টে এ মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি নিজেই এ মামলার শুনানি শুনবেন। এই মামলায় এর আগে শুনানির তারিখ আসলে বিএসএফ’র পক্ষ থেকে প্রতিবারই সময় চেয়ে আবেদন করায় ৪ বার শুনানির তারিখ পড়েছে।
তিনি আরো বলেন, ফেলানি হত্যা মামলা পুনঃবিচারে সেনাবাহিনীর কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফ’র জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জিএসএফসি বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসুর খালাস দিলেও আমরা বিশ্বাস করি চলমান এ মামলায় স্বচ্ছ এবং ন্যায় বিচার পাব। ফেলানীর বাবা নূর ইসলাম বলেন, সরকার ও মানবাধিকার সংস্থাগুলো আগের মত সহায়তা পেলে আমি আমার মেয়ে হত্যার ন্যায় বিচার পেতে আইনি লড়াই চালিয়ে যাব।
