পরমাণু কর্মসূচী নিয়ে ছয় বিশ্বশক্তির সাথে ইরানের চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশটির ওপর আরো পাঁচ বছর অস্ত্র নিষেধাজ্ঞা থাকবে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অনুমতি সাপেক্ষে সীমিতভাবে অস্ত্র কেনাবেচা করতে পারবে দেশটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভকে উদ্ধৃত করে খবরটি জানিয়েছে এএফপি।
লাভরভ সাংবাদিকদের জানান, ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে সমঝোতাকে রাশিয়া সমর্থন করে। তিনি আরো জানান, আগামী পাঁচ বছর ইরানকে অস্ত্র আমদানি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করে অনুমতি নিতে হবে।
মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে পশ্চিমাদের সাথে ইরান ঐক্যমত্যে পৌঁছায়। এই চুক্তিতে ইরানের পরমাণু সম্পর্কিত তত্পরতা কমিয়ে আনা এবং তার পাশাপাশি ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা বলা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো জানা যায়নি।
সঙ্কট নিরসনের জন্যে দুই পক্ষের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু শুরু থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করে ইরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তাদের এই কর্মসূচি।
