ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে মাদকবিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে লালু মিয়া (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যও। শনিবার রাত দেড়টার দিকে শহরের কালিবাড়ী পুরাতন গুদারাঘাট বালুরচরে ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় কিছু মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছে। এসময় তাদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ও ইটপাটকেল মারতে থাকে। এসময় সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে পুলিশও শর্টগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদকবিক্রেতারা গুলি করতে করতে পালিয়ে যায়। এতে মতিউল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুজন কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদকবিক্রেতাকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাদকবিক্রেতার বিরুদ্ধে ৭টি মাদকের মামলাসহ ৮টির বেশি মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল।
