ঈদের আগে শেষ কার্যদিবসে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার উভয় বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। এতে টানা ছয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ইতিবাচক প্রবণতায় থাকলো। ছয় কর্মদিবসে ডিএসইর সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৩০ পয়েন্ট। লেনদনও উঠে এসেছে পাঁচশত কোটি টাকার উপরে।
ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ের লেনদেন পরিস্থিতি বিশ্লেষণ করে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত দুটি কোম্পানিকে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানি দুটি হলো শাশা ডেনিমস্ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল। যা আগামী ২১ জুলাই থেকে কার্যকর করা হবে। এছাড়া ডিএস-৩০ সূচকের কোম্পানিগুলোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওরিয়ন ফার্মা এবং আরএকে সিরামিকসকে। আর সূচক থেকে বাদ দেয়া হয়েছে লঙ্কাবাংলা ফাইনান্স এবং কেয়া কসমেটিক্সকে। ডিএস-৩০ সূচকের এ রদবদল কার্যকর হবে ২১ জুলাই থেকে। এদিকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে দেশের পুঁজিবাজার ছয় দিন বন্ধ থাকবে। আগামী ২১ জুলাই যথারীতি বাজারে লেনদেন শুরু হবে। ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
