সেহরির খাবার নিয়ে সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১১:৫৫
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেহরির খাবার বিতরণ নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার গুতিয়াব নামাপাড়া জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র শবে কদর উপলক্ষে এলাকার মুসল্লিদের জন্য স্থানীয়রা ভোর রাতে মসজিদে সেহরি খাবারের আয়োজন করেন। একদিকে মসজিদ কমিটির সভাপতি সোলেমান মিয়া ও অন্যদিকে ফজলুল হক মিয়া খাবার বিতরণের দাবি করেন। এনিয়ে মসজিদের ভিতরেই কথা কাটাকাটি হয় ও হাতাহাতি হয়। পরে ফজলুল হক গ্রুপ ও সোলেমান গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২৫জন আহত হন। গুরুতর আহত ফজলুল হককে এ্যাপোলো হাসপাতালের আইসিউতে ও রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।