ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার রামরাইল নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া গ্রামের কামাল উদ্দিন (৩৪) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাখপুর গ্রামের সিদ্দিক মিয়া (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে রামরাইল এলাকায় অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। অভিযান চলাকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে কামাল উদ্দিন ও সিদ্দিক মিয়াকে প্রাইভেটকারসহ আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নিয়ে আসা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
