কেডিএসের আইপিওর চাঁদা গ্রহণ ৯ আগস্ট শুরু

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৭:৫৭
 
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কেডিএস অ্যাকসেসরিজের শেয়ার বরাদ্দের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এ সময় প্রযোজ্য।
 
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১  কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে মোট ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে কোম্পানিটি। প্রাথমিক শেয়ারের  ক্ষেত্রে ২৫০টি শেয়ারে লট নির্ধারণ করেছে কেডিএস অ্যাকসেসরিজ।
 
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কেডিএসের  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৯ টাকা ৬৩ পয়সা।  আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় মেটাতে খরচ করবে কোম্পানিটি।