বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আর্থিক সংকট কাটিয়ে উঠতে তিন কিস্তিতে ৫০০ কোটি টাকা ঋণ সহায়তাও দেবে সরকার। সচিবালয়ে মঙ্গলবার ‘বিএইচবিএফসির বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিএইচবিএফসি ভালো করছে ও প্রতিযোগিতামূলকভাবে ঋণ দিচ্ছে। আগামীতে এটাকে বিশেষায়িত ব্যাংকে রূপান্তরিত করা হবে। এ জন্য আইন সংশোধন করা হবে এবং আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ব্যাংকে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটি তখন আমানত সংগ্রহ করতে পারবে।’
অর্থমন্ত্রী আরো জানান—আগামী ২০১৬ সালেই এটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করতে পারে।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিএইচবিএফসির ঋণের সুদের হার বর্তমানে ১২ শতাংশ। এটা ১৩ শতাংশে উন্নীত করা হবে। তবে অন্যান্য এলাকার জন্য ঋণের সুদের হারের পার্থক্য ২ শতাংশ বহাল থাকবে।
বৈঠক সূত্রে জানা গেছে—সহজ শর্তে ৫০০ কোটি টাকা পাওয়া গেলে এর পুরো অর্থই ঢাকা ও চট্টগ্রামের বাইরে মফস্বল এলাকায় বিতরণ করা হবে। বিতরণযোগ্য এ ঋণের ৭৫ শতাংশই হবে সহজ শর্তে এবং ২৫ শতাংশ বাজার শর্তে বিতরণ করা হবে।
