ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল নামক স্থানে বুধবার দুপুরে বুধবার দুপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। নিহত দুই জনের মধ্যে খলিল উল্লাহ (৫০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী ছিলেন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে ফেনীগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে একজন ও জেলা সদর হাসপাতালে নেয়ার পথে এক জন মারা যায়। আহত চার জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছালেহ আহম্মদ পাঠান দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
