মৌলভীবাজারে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ২২:৩৮
 
মৌলভীবাজার-বড়লেখা সড়কের হাতলিঘাট এলাকায় নির্মাণাধীন ধলছড়ি ব্রিজের বিকল্প বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। ফলে সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উত্পল সামন্ত ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এর আগে চলতি বছর ১০ জুন এই বেইলি ব্রিজটি ভেঙ্গে প্রায় ১৫ দিন এই সড়কে যান চলাচল বন্ধ ছিল ।
 
বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে সড়কের উভয় পার্শ্বে ছোট-বড় অনেক যানবাহন আটকা পড়ে আছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে ৪দিন সময় লাগবে।
 
এলাকাবাসী জানান, বুধবার সকালে ঢাকা থেকে বড়লেখা গামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২১১) নির্মাণাধীন ধলছড়ি ব্রিজের বিকল্প বেইলি ব্রিজে উঠলে সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে পড়ে যায়।