স্টাফ রিপোর্টার, রাজশাহী
‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?’ জাতীয় কবি নজরুলের কবিতার এ লাইনের মতোই যেন নিজে জাগলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরও জাগালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহান। ঘণ্টাব্যাপী নিজে নেতৃত্ব দিয়ে ঝাড়ু হাতে পরিষ্কার করলেন উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের ময়লা- আবর্জনা।
সোমবার সকাল সাড়ে ৯টায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, স্বস্তির নিঃশ্বাস, সুস্থ জ্ঞানার্জন’ এ শ্লোগানে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানের উদ্বোধনী পর্ব থেকে ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের আশেপাশের বিভিন্ন পয়েন্ট এলাকা পরিচ্ছন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপাচার্য।
উদ্বোধনের আগে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। আমরা যদি নিজ উদ্যোগে আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি তাহলে পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। এ পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে রাবি সৌন্দর্যমণ্ডিত ও নান্দনিক ক্যাম্পাস গড়ে উঠতে ভূমিকা রাখবে।’
এ অভিযানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।
