নাইজেরিয়ায় তিন নারীর আত্মঘাতী হামলায় নিহত ১৩

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৩:৫২
 
নাইজেরিয়ার দামাতুরু নগরীতে শুক্রবার তিন নারীর আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এছাড়াও আরো বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার সময় হতাহতরা ঈদের প্রস্তুতি নিচ্ছিলেন।

দেশটির নতুন সেনাপ্রধান ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াইরত সৈন্যদের সঙ্গে দেখা করতে শহরটিতে আসার কথা ছিল এদিন।

বোকো হারাম গতবছর থেকে জঙ্গি তৎপরতায় অল্পবয়সী মেয়েদের ব্যবহার করছে। পার্শ্ববর্তী দেশ শাদেও এক নিরাপত্তা কর্মকর্তা জানান, লেক শাদে একটি সেনা চৌকিতে জঙ্গি হামলার পর উভয়পক্ষের বন্দুকযুদ্ধে ১৯ জঙ্গি ও এক সৈন্য নিহত হয়েছে।

নাইজেরিয়ায় দামাতুরুতে ঈদগাহের কাছে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এতে ২ জন নিহত হয়। এর কয়েক মুহূর্ত পরই একটি মসজিদের কাছে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয়। এতে আরো ১১ জনের মৃত্যু হয়।
 
ইয়োবি রাজ্য পুলিশের মারকুস ডানলাদি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: এএফপি