কুমিল্লার চান্দিনায় বাস চাপায় হাসু বেগম (৫০) নামে এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। নিহত হাসু বেগম চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দোতলা গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনির হোসেন জানান, ঈদের দিন ফাঁকা রোডে অতিরিক্ত গতি সম্পন্ন ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুমরে-মুচরে যায়। এসময় মহাসড়কের পথচারী হাসু বেগম ওই গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।
এস.আই মনির আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
