অঞ্জলী লহ মোড়.., বধু তোমার আমার এই যে বিরহ.. সংগীত সন্ধ্যায় এসব কালজয়ী গান পরিবেশন করে দর্শক মাতালেন বিশিষ্ট্য নজরুল সংগীত শিল্পী বিদ্যৎ সেন।
জয়পুরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লাইব্রেরী ও ক্লাবের আয়োজনে ঈদোত্তর সংগীত সন্ধ্যায় নজরুল সংগীত ছাড়াও রবীন্দ্র সংগীত ও ভাওয়াইয়া পরিবেশন করা হয়। জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় নজরুলের শ্যামা সংগীত “সখি সাজায়ে দে তোরা”পরিবেশন করেন ঢাকা নজরুল সংগীত একাডেমীর শিক্ষক বিদ্যৎ সেন। এ ছাড়াও তিনি ইসলামী গান “পাঠাও বেহেস্ত হতে হযরত” ও “আমি যে জলসা ঘরে” পরিবেশন করে দর্শকদের আনন্দের সাগরে ভাসান।
সংগীত সন্ধ্যায় ছায়ানটের শিক্ষক এরফান হোসেন ভাওয়াইয়া সংগীত পরিবেশন করেন। এ ছাড়াও পারভেজ দুলাল, শিশু শিল্পী পিউ ও কাব্য সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
