মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রুপিয়া বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক ও নার্সের অবহেলায় মারা গেছেন তিনি।
রবিবার রাত ৮টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে। তবে প্রসূতির মৃত্যু হলেও সুস্থ রয়েছে তার নবজাতক সন্তানটি। নিহত রুপিয়া ঘিওর উপজেলার কালাচাঁদপুর গ্রামের প্রবাসী রিপন মিয়ার স্ত্রী।
রুপিয়ার ভাই আলিফ হোসেন জানান, সন্ধ্যার দিকে তার বোনের প্রসব ব্যথা উঠলে তাকে জেলা হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগ থেকে তাকে গাইনী বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে গাইনী বিভাগের ডিউটি ডাক্তার মিতা সরকার ও সিনিয়র স্টাফ নার্স রোকসানা পারভীনের তত্ত্বাবধানে রুপিয়া একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পথ ছিঁড়ে যাওয়ায় সেখানে বেশ কয়েকবার সেলাই করার সময় অতিরিক্ত রক্তক্ষরণে রুপিয়া মারা যান। আলিফের অভিযোগ, ডাক্তার ও নার্সের অবহেলার কারণেই তার বোনের মৃত্যু হয়েছে। তবে, ডাক্তার মিতা সরকার ও নার্স রোকসানা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
