যশোরে এমপির বাসভবনের পাশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় জেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়। ১৪৪ ধারা জারি করায় অনুষ্ঠানটি আর হয়নি।
সূত্র জানায়, শহরের কাজীপাড়ার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনের পাশে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে দুই ঘন্টার এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সংসদ সদস্যের বাড়ির পাশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মঞ্চ তৈরি ও অনুষ্ঠান আয়োজন করায় মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক এলাকার শৃংখলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে।
