আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন শহিদুর রহমান শহিদ ওরফে ভিপি শহিদ। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন গোটা সিঙ্গাইর। জনসভায় প্রতিশ্রুতি দিচ্ছেন বিজয়ী হয়ে খ্যাতনামা কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির নেতৃত্বে সিঙ্গাইরকে একটি আধুনিক ও উন্নত সিঙ্গাইর হিসেবে গড়ে তুলবেন। গড়ে তুলবেন সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ। মুক্তিযোদ্ধার সন্তান ভিপি শহিদ সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৯৯৩ সালে সিঙ্গাইর কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরের বার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১০ সালে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শহিদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনসহ সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। বহুবার হামলা-মামলার শিকার হয়েছি। রাজনৈতিক মামলাসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়ে বিভিন্ন সময়ে কারাভোগ করেছি। পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছি। আজ সেই ত্যাগের মূল্যায়ন পেলাম। তিনি বিশ্বাস করেন এলাকাবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আর নির্বাচিত হয়ে তিনি অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন এবং দলকে সুসংগঠিত করে তুলবেন।
