আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) শেষ দুই কিস্তির অর্থ নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঈদের পর প্রথম কার্যদিবসে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ-এর কাছ থেকে ইসিএফ-এর শেষ দুই কিস্তির ২৮ কোটি ডলার বাংলাদেশ নিচ্ছে। আগামী অক্টোবরের মধ্যে এ অর্থ পাওয়া যাবে। ঈদের আগে অর্থমন্ত্রী এ অর্থ গ্রহণ না করার বিষয়ে সাংবাদিকদের জানালেও সেই অবস্থান থেকে তিনি সরে আসলেন। সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিদেশি অডিট কোম্পানি দিয়ে বিপিসির সমুদয় হিসাব অডিট করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
উল্লেখ্য, এর আগে এই ঋণসহায়তা নিতে প্রাকপ্রতিশ্রুতির অনেক শর্তই পরিপালন করে সরকার। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখেও আইএমএফের নির্দেশিত পথে ভ্যাট আইন সংস্কার করে। রাজস্ব খাতে সংস্কারসহ অন্যান্য শর্তাদি পালন করা হয়। প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিলে বাংলাদেশের জন্য বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) হিসাবে ৯৮ কোটি ৭০ লাখ ডলারের সমপরিমাণ এসডিআর (প্রায় ১ বিলিয়ন) অনুমোদন করে আইএমএফ। প্রতি কিস্তিতে ১৪ কোটি ১০ লাখ ডলার করে বাংলাদেশকে দেয়ার কথা ছিল। সবমিলিয়ে ৫ কিস্তি পাওয়ার পর তা আটকে যায়।
