পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর মিঠু হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কাঠগড়া ব্রিজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিঠু পাবনা সদর উপজেলার ছাতিয়ানী গ্রামের হাজী আবুল কাশেমের ছেলে।
চাটমোহর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বুধবার সকালে কাঠগড়া ব্রিজের রেলিং এর সাথে একজনের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত মিঠুর স্বজনদের বরাত দিয়ে ওসি আরো জানান, মিঠু একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার বিকেলে মিঠু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর শুনে মিঠুর স্বজনেরা চাটমোহর থানায় গিয়ে মৃতদেহটি মিঠুর বলে সনাক্ত করেন।
পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে কাঠগড়া ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে।
