মিয়ানমার থেকে ফিরে এসেছেন ১৫৫ বাংলাদেশি

আপডেট : ২২ জুলাই ২০১৫, ২৩:৩৬

মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ার বিজিপি ক্যাম্পে গতকাল বুধবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে ১৫৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের জলসীমা থেকে ১৫৫ বাংলাদেশিকে উদ্ধার করে মিয়ানমার।

 
বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার বিজিপির ১নং সেক্টরের অধিনায়ক লেঃ কর্নেল ক্যাই তুইয্যা।
 
২৯ মে মিয়ানমার ৭২৭ অভিবাসীকে উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশি বলে দাবি করে বিজিপি। যার মধ্য থেকে বুধবার ১৫৫ জনকে স্বদেশে ফেরত আনা হয়। আইওএম জানিয়েছে, ৭২৭ অভিবাসীর মধ্যে আরো ৩৭৩ জনকে বাংলাদেশি হিসাবে শনাক্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদেরও দেশে ফিরিয়ে আনা হবে।
 
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ফিরিয়ে আনা ১৫৫ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। পরে এদের মধ্যে দালাল ও রোহিঙ্গা আছে কিনা যাচাই করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 

পুলিশ সূত্রে জানা যায়, এই ১৫৫ জন অভিবাসীর মধ্যে সিরাজগঞ্জের ২৬ জন, চুয়াডাঙ্গার ১১ জন, সাতক্ষীরার ২ জন, মাদারীপুরের ১৫ জন, কুষ্টিয়ার ৪ জন, মাগুরার ৬ জন, পাবনার ১২ জন, নারায়ণগঞ্জের ৪১ জন, ঝিনাইদহের ১৫ জন, যশোরের ১০ জন, কুমিল্লার ৭ জন, জয়পুরহাটের ৫ জন ও সুনামগঞ্জের ৮ জন রয়েছে।