পুঁজিবাজারে গতকাল বুধবার লেনদেনে ব্যাপক উন্নতি দেখা গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫ শতাংশ বেশি ও গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম এবং লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি। আর খাত ভিত্তিতে ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ, ইঞ্জিনিয়ারিং ও জ্বালানি খাতে। এ তিন খাতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৭০ ভাগ।
ডিএসই জানিয়েছে, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। এ কোম্পানির এজিএম আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ২৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরিচালনা পর্ষদ এজিএমের তারিখ পরিবর্তন করেছে। তবে এজিএমের স্থান অপরিবর্তিত রয়েছে। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। আজ থেকে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি কার্যকর হচ্ছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
