ঋণ অনিয়মের ঘটনা অনুসন্ধানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার মো. ইকবালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য জানান, দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
দুদক সূত্র জানায়, দুই বছরে বেসিক ব্যাংকের তিনটি শাখা থেকে চার হাজার ২৪৭ কোটি ৮৭ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। ঋণ দেয়ার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করেছে বেসিক ব্যাংক।
শাখাগুলোর মধ্যে গুলশান শাখার দেয়া ঋণের পরিমাণ এক হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকা, শান্তিনগর শাখা এক হাজার ৫২৪ কোটি ৪৩ লাখ টাকা এবং দিলকুশা শাখা দিয়েছে ৯২৩ কোটি ২১ লাখ টাকা।
এই তিন শাখার নানা দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত প্রতিবেদন ২০১৩ সালের ২৫ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
