সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৬৬ বেড়ে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। আর লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকারও বেশি। গত কয়েক দিনের মতো লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ, জ্বালানি ও ইঞ্জিনিয়ারিং খাতের। এ তিন খাতে লেনদেন হয়েছে ৩৯২ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৫০ ভাগেরও বেশি।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৬ বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৩১ বেড়ে ১ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১৩ কোটি ৯৪ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৯৮ কোটি ৭৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৮৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫২ কোটি ৬৪ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৬৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।