সোয়ান গার্মেন্টস সংকট: ফের ঋণ দিতে অনুরোধ

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ২১:৪১
 
সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের পাওনা পরিশোধে ঋণদানকারী ইসলামী ব্যাংককে আবার ঋণ দেয়ার অনুরোধ জানানো হয়েছে। গার্মেন্টসটির সংকট সমাধানে গঠিত কমিটির সভা থেকে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষকে এ অনুরোধ জানানো হয়। তবে ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার নাগাদ সিদ্ধান্ত জানানো হবে বলে বলা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
তিন মাসের পাওনা পরিশোধের দাবিতে ঈদের এক সপ্তাহ আগে থেকে কারখানাটির শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে আসছেন। এ সংকট সমাধানে গঠিত কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠক করে।
 
কারখানাটি ইসলামী ব্যাংকের কাছে সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছিল। তিন মাস আগে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মারা যান। তার মৃত্যুর পর থেকে শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা তৈরি হয়। কারখানা মালিকের অবর্তমানে প্রকৃত মালিক নিশ্চিত না হওয়ায় দায় দেনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাচ্ছিল না। ফলে ঈদের দিনও পাওনার দাবিতে শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। 
 
কমিটির নেতৃত্ব দিচ্ছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গার্মেন্টস শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন ইত্তেফাককে বলেন, ‘ইসলামী ব্যাংকের কাছে কারখানাটির অধিকাংশ সম্পত্তি বন্ধক দেয়া। ফলে তাদেরকে ঋণের সীমা আরো বাড়িয়ে দিতে বলা হয়েছে সভা থেকে। তারা কখন, কী ভাবে এ অর্থ দেবে সে উদ্যোগ শনিবারের মধ্যে নিতে বলা হয়েছে। আর মঙ্গলবারের মধ্যে এটি শ্রমিকদের জানানো হবে বলে বলা হয়েছে।
 
তিনি বলেন, কারখানার মালিকের স্ত্রী প্যাট্রিসিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহসহ সব ধররে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।