রামগড় করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় গতকাল বৃহষ্পতিবার বিকালে যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সেনাবাহিনীর সৈনিক দিদারুল আলম(২৭) ও সুজন(২২)। এরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর জশপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত নোমান(২০)ও একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, এ তিন বন্ধু বৃহষ্পতিবার সকালে ছাগলনাইয়া থেকে একটি মোটরসাইকেলযোগে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন স্পট ভ্রমন করতে আসেন। ভ্রমন শেষে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে রামগড় করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘাতক বাসটি তাদের ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। আহতদের অজ্ঞান অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে একটি সিএনজি চালক তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে আশংকাজনক অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য দিদারুল আলমকে গুইমারা সেনানিবাসের হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় সেখানে মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম নেওয়ার পথে সুজনও মারা যায়। তবে তার মৃত্যর খবর নিশ্চিত করা যায়নি।
রামগড় হাসপাতালের ডাক্তার মানিক চন্দ্র শীল জানান, দিদার ও সুজন দুজনেরই মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে। ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, নিহত সেনা সদস্য বগুড়ার জাহাঙ্গীরাবাদস্থ ১ নং ফিল্ড আর্টিলারী ইউনিটের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে ছাগলনাইয়ার নিজ বাড়িতে এসেছিলেন।
