সাকার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের অবস্থান

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৯:৫৫
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যু দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরির আপিলের রায়ে সর্বোচ্চ সাজা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকাল ৪ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
 
সালাউদ্দিনের মৃত্যু দণ্ডের রায় বহাল রাখার দাবিতে শুক্রবার থেকে ধারাবাহিক কর্মসূচি চালানোর ঘোষণা দেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান। ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে কর্মসূচি চলবে বলে জানান তিনি।
 
অবস্থান চলাকালে ইমরান বলেন, 'ঝড়-বৃষ্টি-তুফান যাই আসুক না কেন কুখ্যাত যুদ্ধাপরাধী সাকার ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান চলবে।'
 
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে এই রায়ে বিরুদ্ধে আপিল করেন তিনি।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের ওপর শুনানি শুরু হয় গত ১৬ জুন। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়।
 
আগামী ২৯ জুলাই আপিলের চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।