সাতক্ষীরার দেবহাটায় পুলিশের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ রুহুল আমিন দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আকবার গাজীর ছেলে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘোনা গ্রামের জাকির মেম্বরের হ্যাচারির সামনের রাস্তার ওপর এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দেবহাটা উপজেলার ঘোনা গ্রামের জাকির মেম্বরের হ্যাচারির সামনের রাস্তার ওপর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য পরিকল্পিতভাবে একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও সেখানে পাল্টা গুলি চালালে রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাম দা, লোহার রড ও বোমার অংশবিশেষ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, রুহুল আমিনের বিরুদ্ধে দেবহাটা থানায় আওয়ামী লীগ নেতা রায়হান ও আলমগীর হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
