প্রফেসর ইউসুফ ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য নিযুক্ত

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৮:৫২

 
বিশিষ্ট শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি গবেষক ও আন্তর্জাতিক প্রশিক্ষক প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে যোগদান করেছেন।

সদ্যবিদায়ী উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের মেয়াদ শেষে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. মাহাবুব-উল-হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের  ডীন প্রফেসর ড. এম সামছুল আলম, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তাফা, ট্রাস্টি বোর্ডের  সদস্য ও মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক বৃন্দ, সকল বিভাগীয় প্রধানসহ বিশ্বিবিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।     

উপাচার্যের দায়িত্ব গ্রহণের পূর্বে প্রফেসর ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানব সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ইসলাম ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা বিভাগে একাডেমিক কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি অনেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।