কোন প্রকার কর বৃদ্ধির প্রস্তাব না করেই বরিশাল সিটি কপোরেশনের ২০১৫-১৬ অর্থ বছরে ৪শ’২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সংশোধিত বাজেট ১শ’৪৭ কোটি ৪৭ লাখ ১০হাজার ১৯৬ টাকা। রবিবার বেলা সাড়ে ১২ টায় নগর ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল।
এ সময় উপস্থিত ছিলেন বিসিসি’র প্যানেল মেয়র কে.এম. শহিদুল্লাহ, মোশারেফ হোসেন খান বাদশা, সৈয়দা তাসলিমা কালাম পলি, প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার, বাজেট কাম হিসব রক্ষণ কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ করপোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এর আগের ২০১৪-১৫ অর্থ বছরে বিসিসি’র বাজেট ছিলো ৪শ’৭ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা এবং ২০১২-১৩ অর্থ বছরের বাজেট ছিলো ৩শ’ ৮১ কোটি, ১৬ লাখ ১০ হাজার ৪১৩ টাকা।
নতুন প্রস্তাবিত বাজেটে সিটি করপোরেশনের নিজস্ব বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ১শ’৮ কোটি ৩১ লাখ ৭০হাজার ৫শ’৫৬ টাকা। সরকারী সাহায্য এবং বিভিন্ন দাতা সংস্থা থেকে সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ৩শ’১৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে ৯টি নতুন উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছে।
