আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ সব কর্মসূচির আয়োজন করে।
সোমবার বাদ জোহর পৌরসভা মিলনায়তনে, জেলা জামে মসজিদে, বাদ আছর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে এবং বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া বাদ জোহর জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় তার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এতে নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিজনরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
