পটুয়াখালী শহরের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে তরু (৩০) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
র্যাব জানিয়েছে, সোমবার ভোর ৪টার দিকে পটুয়াখালী শহরের বিসিক শিল্পনগরী এলাকায় তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। তার লাশ এখন পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। তিনি শহরের চাপাড়া এলাকার স্বনির্ভর এলাকার বাসিন্দা।
নিহত তরুর স্ত্রী রেখা বেগম জানান, গত ১৭ জুলাই সকালে তার স্বামী মোটরসাইকেল নিয়ে বরিশালের উদ্দেশে বাসা থেকে রওনা হয়ে যান। ওইদিন দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার এক সহযোগী তরুর ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের বাসার সামনে রেখে যান।
এরপর গত মঙ্গলবার তরুর স্ত্রী রেখা বেগম পটুয়াখালী সদর থানায় তার স্বামী নিখোঁজ বলে একটি সাধারণ ডায়রি করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম তারিকুল ইসলাম জানান, তরু পটুয়াখালী শহরের পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে।
