বেনাপোলে মোটরপার্টসসহ ভারতীয় ট্রাক আটক

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১০:৩৫
বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ভারত থেকে আমদানি করা ৫১৪ প্যাকেজের একটি পণ্য চালান আটক করেছে। 
 
শনিবার রাত ১১টার সময় পণ্য চালানটি বেনাপোল স্থল বন্দরের ৩ নং গোডাউনের সামনে থেকে আটক করা হলেও সোমবার সকালে এই তথ্য জানায় আইসিপি ক্যাম্পের সদস্যরা।
 
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে আমদানিকৃত মোটরপার্টসের ডব্লুবি-২৫ ডি ৬৪৯৬ নং ট্রাকটি মালামাল পার্কিংয়ে না গিয়ে বেনাপোল স্থলবন্দরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে অপেক্ষা করছিল। 
 
তিনি আরো জানান, পরে রাত ১১ টার দিকে বিজিবি পণ্য চালানটি ট্রাকসহ বেনাপোল আইসিপি ক্যাম্পে আনলেও চালানটির কোন মালিক পাওয়া যায়নি।
 
চালানটি আমদানি করে বাংলাদেশের ঢাকার অটোম্যাক ট্রেডিং  এবং ভারতের রফতানি কারক প্রতিষ্ঠান সেলার অটোমেটিক। যার আমদানি মূল্য ৪৮,০০০ হাজার মার্কিন ডলার।