আপত্তিকর একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সিউয়েল।
‘দ্য সান’ ট্যাবলয়েড পত্রিকায় রবিবার প্রকাশিত ভিডিও ফুটেজে লর্ড সিউয়েলকে যৌনকর্মীর নগ্ন বক্ষের ওপর কোকেন পাউডার রেখে পাঁচ পাউন্ডের একটি প্যাচানো নোটের ভেতর দিয়ে তা সেবন করতে দেখা গেছে।
IMG0
এ ঘটনার পর পার্লামেন্টের ‘প্রিভিলেজেস এন্ড কন্ডাক্ট কমিটি’র (সংসদীয় আচরণ কমিটি) সভাপতির পদ থেকেও তার পদত্যাগের কথা জানিয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি’সুজা।
অন্য সদস্যদের সদাচরণ নিশ্চিত করা যার কাজ তার এমন ভিডিও দেখে স্তম্ভিত হয়েছেন ব্যারোনেস। তিনি বলেন, 'এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।' ঘটনাটি খতিয়ে দেখতে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন।
হাউজ অব লর্ডস কমিশনারের কাছে সিউয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পেশ করা হবে বলেও জানান সুজা। টনি ব্লেয়ার সরকার আমলে লর্ড সিউয়েল স্কটল্যান্ড অফিসের মন্ত্রী হিসাবে কাজ করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি হাউজ অব লর্ডসের সদস্য এবং এবারডিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপালও ছিলেন। সূত্র: বিবিসি
