বঙ্গোপসাগরে অনুপ্রবেশকারী ভারতীয় জেলেদের হাতে বাংলাদেশি জেলেদেরকে নির্যাতনের প্রতিবাদে জেলার পাথরঘাটা উপজেলার জেলেরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার পৌরসভার রাসেল স্কয়ারে জেলা ট্রলার মালিক সমিতি ও জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার পাঁচ শতাধিক জেলে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে এর প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বররাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশ সাগর সীমানায় ভারতীয় জেলেরা পাঁচ শতাধিক ট্রলার নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করছে। তারা এদেশের জেলেদের উপর নির্যাতন চালিয়ে জাল, মাছ ও রসদ সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় বাংলাদেশি জেলেরা প্রতিবাদ করতে গেলে মারধর করা হয়।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আলম মোল্লা, মাসুম কম্পানী, মাছ ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল বক্তব্য রাখেন।
