নবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত ৬

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৫:৫১


ঢাকার নবাবগঞ্জে বাড়ি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গালিপুর ইউনিয়নের আন্ধার কোঠা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধরা হলেন- শাহদত দেওয়ান (৩৮) ও তার রড় ভাইয়ের স্ত্রী মাসরোফা বন্যা (২৭)। শাহদত দেওয়ান ঐ গ্রামের মোকলেছ দেওয়ানের ছেলে।

আহত অন্যরা হলেন- এম এ রাজ্জাক (৪৯), তার স্ত্রী শাহিদা বেগম (৩৮), মেয়ে তানিয়া আক্তার প্রিয়া (১৮) ও ছেলে মো. রূমান (২৪)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গালিপুর ইউনিয়নের আন্ধার কোঠা গ্রামের রাজ্জাকের বাড়িতে ঢুকে একই গ্রামের মোকলেছ দেওয়ানের পরিবারের লোকজনসহ ৪০ থেকে ৫০ জন লোক একটি দেয়াল নির্মাণের চেষ্টা করে। এ সময় রাজ্জাক তাদের বাধা দেয়। এতে প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে রাজ্জাকসহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে আহত করে। এক পর্যায়ে রাজ্জাক তার লাইসেন্স করা শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে শাহদত দেওয়ান ও তার বড় ভাইয়ের স্ত্রী মাসরোফা বন্যা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে শাহদত ও বন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আহত রাজ্জাক  জানান,  তার বাড়ির পাশে সাড়ে চার শতাংশ অপর একটি সম্পত্তি নিয়ে একই গ্রামের মোকলেছ দেওয়ানের সাথে আদালতে মামলা চলছে। কিন্তু  সকালের দিকে মোকলেছ দেওয়ান গং এবং একই গ্রামের গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল­া গং তার বাড়িতে হামলা চালায়।

তবে গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্ল­া জানান, এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নাই।

মোকলেছ দেওয়ানের বড় ছেলে মোবারক দেওয়ান জানান, ঘটনাস্থলে তাদের ৩ শতাংশ জায়গা রয়েছে। সে জায়গা রাজ্জাক দখল করে রেখেছে। এ নিয়ে কয়েকবার চেয়ারম্যানের বাড়িতে শালিসী বৈঠকে মিমাংসার চেষ্টা করা হয়েছে। এমনকি থানা পুলিশকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে। কিন্তু রাজ্জাক জায়গা ছাড়তে চায় না। আজ সকালে আমাদের জায়গায় আমরা দেয়াল করতে গিয়েছিলাম। আমাদের লোকজন কারো উপর কোন হামলা করে নাই। রাজ্জাকই আমাদের লোকজনকে গুলি করেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, গুলি ছোড়ার অভিযোগে রাজ্জাককে আটক করা হয়েছে এবং তার শর্টগান জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।