বাউল শিল্পী সাথী সরকারকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২০:৩৩


মানিকগঞ্জের বাউল শিল্পী সাথী সরকারকে ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যার পর তার স্বামী আশিকুর রহমান ফারুক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

বুধবার বিকেলে পুলিশ মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকার একটি ফ্লাট থেকে সাথী সরকার (৩০) ও তার স্বামী আশিকুর রহমান ফারুকের (৩৪) লাশ উদ্ধার করে।

আশিকুরের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। সাথী সরকারের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামে। সাথীর বাবার নাম হামিদ প্রধান। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়।

বিুধবার বিকাল তিনটার দিকে সাথীর বোন রানু ওই বাসার ছাদে ছিলেন। এ সময় ওই ফ্লাটের কক্ষের দরজা বন্ধ করে বাথরুমের ভেতরে ফারুক সাথীকে ছুরি দিয়ে জবাই করে। এরপর কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ফারুক।

সাথীর বোন রানু ছাদ থেকে নিচে কক্ষের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় পাশের ফ্লাটের লোকজন এসে ডাকাডাকি করে। তারপরও কক্ষের দরজা না খোলায় তারা বিষয়টি পুলিশকে জানান। বিকেল চারটার দিকে পুলিশ কক্ষের দরজা ভেঙ্গে আশিকের লাশ ঝুলতে ও পাশে বাথরুমে সাথীর গলাকাটা লাশ দেখতে পান।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাথী সরকারের বোন রানু জানান, সাত মাস আগে উত্তর সেওতা এলাকার একটি ফ্লাট বাসা ভাড়া নেন তারা। রানু আক্তারও তাদের সঙ্গে থাকতেন। সম্প্রতি পারিবারিক ও দাম্পত্য কলহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।

 এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর আরো জানান, মৃত্যুর আগে আশিক একটি চিরকুট লিখে গেছেন। এতে এই ঘটনার জন্য তিনি নিজেই দায়ি লেখা রয়েছে। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।