চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেস রুমে গভর্নর ড. আতিউর রহমান ছয় মাসের এ মুদ্রানীতি ঘোষণা করেন।
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৫ শতাংশই থাকছে বলে গভর্নর জানান। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টাগণ এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সতর্কতামূলক মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২৩ দশমিক ৭ শতাংশ ও বেসরকারি খাতে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগের মুদ্রানীতিতে বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। চলতি অর্থবছরে দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে।
মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেন, নতুন এ মুদ্রানীতি আগের চেয়ে অনেক নমনীয়। একইসঙ্গে বিনিয়োগবান্ধব। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ মুদ্রা যোগানে আগের অর্থবছরের ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে ২০১৬ অর্থবছরের জন্য প্রাক্কলিত প্রবৃদ্ধি ১৬ শতাংশ। দেশে বিনিয়োগ কার্যক্রম জোরদার হওয়ার ফলে ব্যাংকিং খাতের নীট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়ে মন্থর হয়ে ৫.২ শতাংশে দাঁড়াবে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের বর্তমান বৃদ্ধি হারেও শিথিলতা আসবে।
