আদমদীঘিতে রহস্যজনক মৃত্যু: এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৭:০৪
জেলার আদমদীঘি উপজেলায় আব্দুল জলিল (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গা গ্রামে জলিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
পরিবারের লোকজন জানায়, লাশের শরীরে জখমের নানা চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে গ্রামে চলছে নানা গুঞ্জন।
 
নিহতের স্ত্রী আনজুয়ারা বেগম জানান, বুধবার বিকালে তার মেয়ে মাহবুবাসহ পিত্রালয় উপজেলার বাগিচাপাড়ায় যায়। বৃহস্পতিবার সকালে ফোনে স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন।
 
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল করিম থানায় লিখিত অভিযোগ করেছেন।
 
এদিকে নিহতের বড় ভাই লুৎফর রহমান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী আনজুয়ারা কৌশলে স্বামীর কাছ থেকে বসতবাড়িসহ ৫৩ শতক জমি নিজ নামে রেজিস্ট্রি করে নেয়। এ জমি থেকে আনজুয়ারার ভাই তাজিবুরকে ২১ শতক জমি বিক্রি কবলা দলিল করে দেয়ায় স্বামী-স্ত্রী মধ্যে তীব্র বাক্যবিনিময় হত।
 
পুলিশ জানায়, ঘটনাটি সন্দেহজনক।
 
তদন্তকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানায়, ময়না তদন্ত রির্পোটেই ঘটনা স্পষ্ট হয়ে যাবে।