>> মাশরুবা তাসমিন সুহা
স্যোশাল মিডিয়া তো আমরা সবাই ব্যবহার করি। কিন্তু এর বিকল্প ব্যবহার কিংবা নিজের সৃজনশীল কাজগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য কতজনই বা ব্যবহার করি? সোশাল মিডিয়ার আরও কার্যকরী এবং আরও নিজের উপকারী করে ব্যবহার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘শো দ্য ক্রিয়েটিভিটি’ নামের এই অর্গানাইজেশনটি। শো দ্য ক্রিয়েটিভিটি এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে যে কেউ তার সৃজনশীল কাজগুলোকে সবার সামনে তুলে ধরতে পারে। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি যেমন আপনার সৃজনশীল কাজগুলোকে সবার সামনে তুলে ধরতে পারবেন, ঠিক তেমনি আপনার যেকোনো কাজের প্রয়োজনে আপনিও পছন্দমতো খুঁজে নিতে পারবেন একজন সৃজনশীল ব্যক্তিকে। এতে করে আপনার যেমন একজন দক্ষ কর্মী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি সম্ভাবনা রয়েছে আপনিও ভালো কোনো জায়গায় পৌঁছে যাওয়ার। সাধারণত ফেসবুকে আমাদের সময় শুধু নিজেদের ছবি আপলোড বা বিভিন্ন পোস্ট বা চেক ইন দিতেই চলে যায়। আবার অনেকেই দেখা যায় নিজেদের সৃজনশীল কিছু কাজ যেমন :ড্রইং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কবিতা, লেখা এগুলো শেয়ার করে থাকি। আবার এমন কোনো প্লাটফর্মও নেই যেখানে গিয়ে আমাদের সেই কাজগুলোকে কেউ গিয়ে সেটি দেখতে পারবে। এবছরের জুলাই মাসের ২৯ তারিখ থেকে যাত্রা শুরু করা এই অর্গানাইজেশনটির মাত্র এই কয় মাসে ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা ২৫ হাজারেরও বেশি এবং পেজের লাইক সংখ্যা ৫ হাজারেরও বেশি। আর কে সোহান বলেন, ‘সবার গ্রহণযোগ্যতা, সহযোগিতা ও আমাদের টিমের সদস্যদের কঠোর পরিশ্রম আমাদের এত অল্প সময়ে এতদূর আসতে সাহায্য করেছে। ফেসবুকে অনেক বড় বড় পেজ, গ্রুপ রয়েছে কিন্তু তাদের কাছে অনেক অনুরোধ করেও দেখা যায় তারা আমাদের ক্রিয়েটিভ কাজগুলো আপলোড করতে চায় না। কিন্তু এই প্লাটফর্মে যে কেউ তার ক্রিয়েটিভ কাজগুলো হাজার হাজার মানুষের কাছে দেখাতে পারছেন। শো দ্য ক্রিয়েটিভিটি এখন শুধু অনলাইনেই নয়, কাজ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।’ শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ফেসবুকের যথাযথ ব্যবহার ও এর উপকারী ও অপকারী দিক, শিক্ষার্থীদের সৃজনশীল করতে, এছাড়াও বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমের বিভিন্ন কার্যকরী দিক নিয়ে সচেতনতা ও দিক নির্দেশনামূলক বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ চালিয়ে যাচ্ছে শো দ্য ক্রিয়েটভিটি। এর মধ্যে ঢাকা, রাজশাহী এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজে শো দ্য ক্রিয়েটিভিটি তাদের এসব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
