জয়পুরহাটে সংগীত চক্রের সংগীত সন্ধ্যা

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ০০:২১

আয়নাতে ওই মুখ দেখবে যখন.., ওগো মোর মধুমিতা.., শত জনমের স্বপ্ন, তুমি আমার জীবনে এলে.., সংগীত সন্ধ্যায় এসব কালজয়ী গান পরিবেশন করে শুক্রবার সন্ধ্যায় দর্শক মাতালেন জয়পুরহাট সংগীত চক্রের শিল্পীরা।

জয়পুরহাটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সংগীত চক্র’ ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজন করে সংগীত সন্ধ্যার। এতে সংগীত চক্রের শিল্পীরা আধুনিক গান পরিবেশন করেন।
জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় শিল্পী বিলকিস বানু লিপি ”শুধু গান গেয়ে পরিচয় ও শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে” পরিবেশন করলে দর্শকরা আনন্দের সাগরে ভাসে। এ ছাড়াও পারভেজ দুলালের কন্ঠে এমনতো প্রেম হয়, ডা: জাফর ঈমামের কন্ঠে ও আমার উড়াল পাখিরে.., ফরহাদের কন্ঠে জীবনের গল্প আছে বাকী অল্প, মাসুদা খানমের কন্ঠে দোহাই লাগে তোমায় আমাকে পাগল করো না.. এবং শিশু শিল্পী অর্নবের কন্ঠে তুমি সে কি আগের মতো আছ, জানতে ইচ্ছা করে.. গান গুলো পরিবেশন করলে দর্শকরা মুগ্ধ করে। অনুষ্ঠানের মধ্যে সুণীল গঙ্গোপধ্যায়ের কবিতা ” পাহাড় কেনার শখ” আবৃত্তি করেন মোস্তাহেদ ফাররোখ। সংগীত চক্রের পক্ষ থেকে গীতিকার, সুরকার ও শিল্পী নূরল আমিন রতনকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট্য সমাজসেবক ও রাজনীতিক এ্যাডভোকেট মোমিন আমেদ চৌধুরী সন্মাননা ক্রেস্ট তুলে দেন।