গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আলমগীর হোসেন শেখ (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন শেখ কাশিয়ানী উপজেলার দোলা গ্রামের মো. রাহেন শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গত রবিবার উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে আলমগীর হোসেন শেখ ও প্রতিবেশী মো. নজরুল শেখের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। ওই দিন এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মো. আলমগীর হোসেন শেখ (৫০), মো. মনু শেখ (৪৮), মো. চন্নু শেখ (৪৫) ও মো. সাদেক শেখ (৪৮) আহত হন।
আরো পড়ুন: শীর্ষ ৮০ ক্ষমতাধর দেশের তালিকায় নেই বাংলাদেশ
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহতের ভাই মো. চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
