বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে যে, সামপ্রতিক সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হার হ্রাস পেয়েছে, যা দেশের উন্নয়ন লক্ষমাত্রাসমূহ অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।
২০১১-১২ অর্থবছর থেকে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার হ্রাসমান। ২০১১-১২ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ। পরবর্তী অর্থবছরগুলোতে কমে ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে যথাক্রমে ১১ দশমিক ৮ ও ৯ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোট দেশজ উত্পাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আদায়ে বাংলাদেশ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলো থেকে বেশ পিছিয়ে রয়েছে। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে জিডিপির শতাংশে গড় মোট রাজস্ব আদায়ের পরিমাণ উন্নত দেশগুলোতে ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ, এশিয়ার উন্নয়নশীল দেশে ২৪ দশমিক ৯ শতাংশ, সাব-সাহারান আফ্রিকায় ২১ দশমিক ৮ শতাংশ, আসিয়ান-৫ দেশে ১৯ দশমিক ৮ শতাংশ, ভারতে ১৯.৪ শতাংশ, নেপালে ১৮ দশমিক ৯ শতাংশ এবং শ্রীলংকায় ১৩ দশমিক ৪ শতাংশ। একই সময়ে বাংলাদেশে গড় রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপি'র মাত্র ১০ দশমিক ৮ শতাংশ।
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হারে হ্রাসমান প্রবণতা ২০১৪-১৫ অর্থবছরেও বজায় থাকতে পারে। আশংকা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ প্রকাশিত উপাত্তের ভিত্তিতে ‘উন্নয়ন অন্বেষণ’ দেখায় যে, ২০১৪-১৫ অর্থবছরের মূল বাজেট ও সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা ও ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকার বিপরীতে মে ’১৫ সময় পর্যন্ত এনবিআর-কর ১ লাখ ১৮ হাজার ৪২ কোটি টাকা আদায় হয়েছে।
