রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে সজিব (২০) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ধানমন্ডির কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
সজিব কুমিল্লা সদরের পুলিশ লাইনের বাসিন্দা ও সরকারী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাদাকে দেখতে আসেন সজীব। রাতে খাবার ও ওষুধ আনতে বাইরে যান। এ সময় প্রাইভেটকারযোগে চারজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিতে চায়। সজীব বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢাকায় বসবাসরত তার বন্ধু পিয়াস আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
