প্রত্যাবর্তনে চোখ ইউনাইটেডের

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড আজ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে যখন পিএসজির আতিথ্য নেবে তখন প্রথম লেগের ঘাটতি পুষিয়ে পরের রাউন্ডে যাওয়াই হবে তাদের চূড়ান্ত লক্ষ্য, জানালেন কোচ ওলে গুনার সোলসার। দিনের অন্য ম্যাচে একই লক্ষ্যে নিজেদের মাঠে রোমার মুখোমুখি হবে পোর্তো।

ম্যানইউ’র অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর প্রথম হারের স্বাদ এ পিএসজির কাছেই পেয়েছিলেন সোলসার। নিজেদের মাঠে দুই গোলের হারের ফলে পরের রাউন্ডে উঠতে হলে পার্ক দেস প্রিন্সেসে তাদের জিততে হবে তিন গোলের ব্যবধানে।  

এমন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আরও কিছু সমস্যার মুখোমুখি রেড ডেভিলরা। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে পল পগবাকে পাবে না তারা। চোটের কারণে ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল, মিডফিল্ডার আন্দার হ্যারেরা ও নেমানিয়া ম্যাটিচকে না পাওয়ার সম্ভাবনাও প্রবল। ফলে পিএসজির মাঠে ইউনাইটেডের অভাবনীয় কিছু ঘটানোর সম্ভাবনা আপাতদৃষ্টিতে ফিকে মনে হলেও সোলসারকে বেশ প্রত্যয়ীই শোনালো ম্যাচটির আগে। 

ইতিহাস থেকেও কিছুটা অনুপ্রেরণা পেতে পারে ইউনাইটেড। ১৯৯৯-০০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্নের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ে ১-০ গোলে পিছিয়ে থেকেও যোগ করা সময়ে দুই গোলের সুবাদে শিরোপা জেতে তারা, যার জয়সূচক গোলটিও আবার এসেছিল সোলসারের পা থেকেই!

এ দিকে প্রথম লেগের অগ্রগামিতা ধরে রাখার ক্ষেত্রে পিএসজিও বেশ দুর্বল। এক মৌসুম আগেই বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে চার গোলে এগিয়ে গিয়েও পরের লেগ ৬-১ গোলে হেরে বিদায় নিয়েছিল কোচ উনাই এমেরির দল। 

অন্তর্বর্তীকালীন কোচের অধীনে দলটির পারফর্মেন্সও অসাধারণ। এ সময় প্রতিপক্ষের মাঠে আটটি ম্যাচ খেলে সবকটিতেই জয়লাভ করেছে ইউনাইটেড। তাই পিএসজির মাঠে ম্যাচটি নিয়ে আশাবাদী সোলসার। নরওয়েজিয়ান কোচের ভাষায়, ‘আপনি কোনো খেলাকেই এভাবে শেষ বলে দিতে পারেন না, প্রতিপক্ষের মাঠে আমরা দারুণ খেলছি। আমরা লড়াই ছাড়া হার মানতে রাজি নই।’  

পিএসজি ম্যাচের আগে সোলসার উপভোগের মন্ত্রে উদ্দীপ্ত করতে চাইলেন দলকে। তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়ে ম্যাচটা উপভোগ করতে চাই। আমরা জানি এটা কঠিন এবং তারা ওল্ড ট্র্যাফোর্ডেও বেশ ভালো খেলেছিল। আর তাই আমাদের খেলোয়াড়দের জন্য সেখানে গিয়ে নিজেদের সামর্থ্যের সেরাটা দেখানো অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’  

ম্যাচটিতে চূড়ান্ত আক্রমণাত্মক ফুটবলেরই আভাস দিলেন সোলসার। তিনি বলেন, ‘আমরা ২-০ গোলে জেতার চেয়ে ৪-২ গোলে জেতাতেই বেশি মনোযোগী থাকবো। বিরতির সময়ে বর্তমান অবস্থার চেয়ে ভালো অবস্থানে থাকতে হবে আমাদের। যদি বিরতির সময়ে ১-০ গোলে এগিয়ে থাকতে পারি তবে দ্বিতীয়ার্ধে যে কোনো কিছুই ঘটতে পারে।’

এ দিকে পিএসজি কোচ থমাস টুখেল কিছুটা ধীরে সুস্থেই দল সাজাতে চাইছেন। তিনি বলেন, ‘আমরা ম্যানইউকে আবারও বিশ্লেষণ করতে চাই; কেননা কিছু খেলোয়াড়কে পাচ্ছে না তারা। ফলে কিছুটা পরিবর্তন এসেছে দলটিতে এবং আমরা সে অনুপাতেই দল সাজাবো।’

রোমাকে যখন ঘরের মাঠে আতিথ্য দেবে পোর্তো, ম্যানইউ’র মতো প্রথম লেগের ঘাটতি পোষাণোর লক্ষ্য থাকবে তাদেরও। ইতালিতে আগের লেগে ২-১ গোলে হেরে এসেছিল তারা।

আজকের খেলা

পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড

পোর্তো-রোমা