বাসচাপায় আহত তিন পথচারীর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১২:৪৬
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসাচাপায় আহত তিন পথচারী মারা গেছেন। সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা-মাস্তা এলাকায় তারা আহত হন। মঙ্গলবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা গেছেন।
 
তারা হলেন- উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০), একই গ্রামের খোকা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০) ও তার স্ত্রী তারা বানু (২৫)।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, রাতে রংপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। ঐসময় একই পরিবহনেরই অপর একটি বাস দিনাজপুর থেকে সিলেট যাচ্ছিল। ফাঁসিতলা-মাস্তা এলাকায় সিলেটগামী বাসটি অন্য বাসটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে তিন পথচারী ছাড়াও কমপক্ষে ১৫ বাসযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিত্সাধীন অবস্থায় আহত তিন পথচারীর মৃত্যু হয়। 
 
তিনি আরো জানান, এই ঘটনায় বাস দুইটি আটক করা হয়েছে। তবে চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে।