নওশীন খায়ের

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৫:৪১
 
বাংলা সংস্কৃতির অদম্য পুরুষ আবুল খায়ের লিটু, তারই সুযোগ্য কন্যা বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের পরিচালক নওশীন খায়ের বাবার পথ অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন আপনতালে। তার এবারের ঈদ যাপন এবং তার পরবর্তী কার্যক্রম নিয়ে এবার কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময় ঢাকাতেই ঈদ করেছি। আত্মীয়স্বজনদের সাথে এই দিনটা কাটানোর আনন্দই আলাদা। তবে এবার কেন জানি বাইরে ঈদ করার ইচ্ছে হলো। আমরা তিনটি পরিবার এবার ভিয়েতনামে ঈদ করেছি। সব মিলিয়ে পনের জন গিয়েছিলাম। বন্ধুবান্ধবের সাথে খুবই আনন্দে কেটেছে এবারের ঈদ। ছোটবেলার আর এবেলার ঈদের উদযাপনের মধ্যে অনেক পার্থক্য। আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো আর ঈদি পাওয়ার মাঝে অন্যরকম আনন্দ ছিল। নতুন কাপড় কেমন হবে, কবে পরব, এই নিয়ে চিন্তার শেষ ছিল না। এখন অবশ্য সেই উত্সব আনন্দের পাশাপাশি অনেক দায়িত্ব এসে হাজির হয়েছে। ঈদের ছুটির পরে কাজে ফেরার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে সবাই তখন ফুরফুরে মেজাজে থাকে। কদিন তো ঈদের কুশল বিনিময়েই মুখর থাকে। এবার যেহেতু ঈদটা দেশের বাইরে করেছি, ফিরে এসে অফিসে কাজ শুরু করতে ভালোই লাগছে। নতুন করে অনেক কিছুই শুরু করার পরিকল্পনা থাকে। তবে এবার অরণ্য নিয়ে বেশি কাজ করার ইচ্ছে আছে। অরণ্যকে নিয়ে অনেক কিছুই ভাবছি। বাচ্চাদের কাপড় নিয়েও নতুন কিছু করার ইচ্ছে রয়েছে। নতুন নতুন কিছু কাজ বার্লিনে দেখিয়ে এসেছি, সেগুলোই নিয়ে আসব অরণ্যে। তাছাড়া ফ্যাশন রিভোলিউশন নিয়েও এবার অনেক পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিস্তর কাজ, দেখা যাক কতগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারি। তবে খুশির বিষয়, গার্মেন্টস সেক্টরে অনেক কাজ হচ্ছে। আর সেই কাজগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে আনা দরকার। তবেই না আমাদের কাজ সম্পর্কে সবাই জানতে পারবে।