শামীম আহসান

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৫:৩১
 
যুক্তরাষ্ট্রের টেক্সাস ও সিলিকন ভ্যালিতে বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করে ঈদের দিন সকালেই আমি ঢাকায় আসি। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি থাকার পরও পরিবারের সকলের সাথে ঈদের দিনটি একসঙ্গে কাটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। আসলে যতই ভ্রমণ ক্লান্তি থাকুক না কেন, নিজের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে ঈদ উদযাপন করাটা অন্যরকম একটি অনুভূতি। এবারের ঈদের দিনটি আমার জন্যে আনন্দ ও বেদনার মিশ্রণের মধ্যে উদযাপিত হয়েছে। আনন্দ এজন্য কারণ এ বছরই আমার শিশু মেয়ের সঙ্গে প্রথম ঈদ পালন করেছি। আর বেদনা আমার প্রয়াত বাবাকে ছাড়া এটাই প্রথম ঈদ। আমার জীবনে আমার বাবার প্রভাব সবচেয়ে বেশি, তিনি ছিলেন আমার জীবনের পথ চলার অনুপ্রেরণা। তাই এই ঈদে আমার বাবার অভাব আমি অনেক বেশি অনুভব করেছি। কর্মব্যস্ত জীবনে আবার ফিরে এসে খুবই ভালো লাগছে। কিছুদিনের ছুটি নতুন উদ্যমে কাজ করার উদ্দীপনা জোগায়। কাজের প্রতি পূর্ণ মনোনিবেশ করা যায়। ভবিষ্যত্ পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার এক নতুন স্পৃহা তৈরি হয় ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়। সামনের বছর বাংলাদেশের আইটি সেক্টরে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে। এবং তার পাশাপাশি এফবিসিসিআই ও বেসিসের মাধ্যমে আইটি খাতকে আরও সুসংগঠিত করা, তরুণ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের দ্বার উন্মোচন করা আমার লক্ষ্য থাকবে; যাতে তারা খুব সহজেই ব্যবসায়িক মূলধনের জোগান পেতে পারে। এই তরুণরাই পারবে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তিনির্ভর সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে।