স্টার্ট আপ ঢাকার ফাউন্ডার ও সিইও মোস্তাফিজুর রহমান খানের এবারের ঈদ অনেক ভালো কেটেছে, কারণ এবারের ঈদ সম্পূর্ণটা কাটিয়েছেন তার পরিবারের সাথে। মোস্তাফিজ জানালেন, ঈদের সময়টি বরাবরই তার কাছে অনেক দুর্লভ সময়, কারণ এই সময়টিতেই পরিবার ও ভাই-বোনদের সাথে সময় কাটানো যায়। এবারের তার ব্যক্তিগত ঈদ-যাপন অন্যান্যবারের মতোই ছিল। তবে তার মেয়ের জন্য এবারের ঈদ অনেক মজাদার ছিল বলে জানালেন মোস্তাফিজ। কারণ সে বিভিন্ন জনের কাছে থেকে সেলামি আদায় করে তার গোলাপি রঙের ছোট্ট ব্যাগে ভর্তি করেছে, তা দেখার আনন্দও ছিল আলাদা। কিন্তু মোস্তাফিজের মতে, তার পরিবারের সকলেই তাদের মিস করেছেন, যে সদস্যরা কিছুদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঈদের মতো আনন্দের দিনে তাদের আরও বেশি মিস করেছেন সকলে। নিজের সময়ের ঈদ ও বর্তমান সময়ের ঈদের পার্থক্য করতে বললে মোস্তাফিজ বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম, তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য। তবে প্রধান পার্থক্য হলো আগে আমি ঈদের সেলামি নিতাম, আর এখন দিই। এই বছর আমাদের পরিবার অনেক বড় হয়েছে তাই আমার পকেটও অনেক ফাঁকা হয়েছে! কিন্তু যখন ঈদি পেয়ে তারা আনন্দ পেয়েছে, সেই আনন্দ দেখে আমি নিজেও আনন্দ পেয়েছি।’ ঈদের পর কাজে ফিরতে চায় না মন। তবুও ফিরতে হয়েছে নিশ্চয়ই। কেমন লাগছে? মোস্তাফিজ জানালেন, ছুটির পর কাজে ফেরা সত্যিই অনেক কষ্টকর। কিন্তু কোনো উপায় না থাকায় মজার একটা সময়ের স্মৃতি নিয়ে আবার কাজে যোগ দিয়েছেন তিনি। সামনের বছরের পরিকল্পনা জানাতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘প্রতিবছরই নতুন কিছু করার চেষ্টায় থাকি। বিশেষ করে আমার ব্যবসাসংক্রান্ত বিষয়ে আমি সবসময় নতুন কিছু করতে চাই। তাই সামনের দিনগুলোতে ব্যবসাতেই নতুন কিছু করার চেষ্টা করব।’
