ঈদের কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৮:১৬
 
ঈদ কেন্দ্রিক কেনাকাটার কারণে জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। তার আগের মাস জুনে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।
 
মূলত ঈদে কেনাকাটা বেঁড়ে যাওয়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দুই ঈদে বেশি খরচ হয়। ফলে বাজারে এর প্রভাব পড়ে। তাই মূল্যস্ফীতি বেড়েছে। তবে চলতি আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তৈরি মাসিক মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবেদন প্রকাশ করেন।